ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ৭:৩১ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবর বানোয়াট: টোয়াস

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি করেন এবং প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে টোয়াসের সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল লিখিত বক্তব্যে বলেন, সুন্দরবনে টোয়াসের নিবন্ধিত কোনো পর্যটকবাহী নৌযানে ডাকাতির চেষ্টা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

‘সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টা’ শিরোনামে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি বন বিভাগও নিশ্চিত করেছে বলে তিনি উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সুন্দরবনের পর্যটন খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। বর্তমানে সুন্দরবনের পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট সব নৌযান সম্পূর্ণ নিরাপদে চলাচল করছে এবং ভবিষ্যতেও নিরাপদ থাকবে।

সংবাদ সম্মেলন থেকে বিভ্রান্তিকর সংবাদটি দ্রুত প্রত্যাহার করে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংবাদ প্রকাশের আগে তথ্য ও সূত্র যথাযথভাবে যাচাই করে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টোয়াসের কার্যকরী সভাপতি মো. আল আমিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহেদী ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক শেখ আবীর ইমতিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মনজুর উল আলম, সদস্য মো. ইমাদুল হাওলাদার ও সদস্য সৈয়দ সাহরিয়ার তাকিম প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর (শনিবার) রাতে সুন্দরবনের কটকা এলাকায় পর্যটকবাহী একটি জাহাজে দস্যুদের হামলার চেষ্টার খবর ছড়িয়ে পড়লে তার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্পর্কিত