ঢাকা | নভেম্বর ২২, ২০২৬ - ২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ৪১, পাল্টা হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক।। ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় ১১ শিশু ও সাত নারীসহ অন্তত ৪১ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছে হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ নভেম্বর) হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ গত ২৪ ঘণ্টার এই হতাহতের তথ্য প্রকাশ করে। রাজধানী সানা, তায়েজ, সাদা, লাহিজ ও হাজ্জা প্রদেশসহ লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হুদাইদাহতে এসব হামলা চালানো হয়। তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এটিকে একটি ‘বিশেষ অভিযান’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, হুদাইদাহ বন্দরে অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চোরাচালানের সক্ষমতা ধ্বংস করতে এবং সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাসহ সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।

এদিকে একই দিন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাজান অঞ্চলের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জাজান বন্দরে হামলার দাবি করেছে হুথিরা। হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ইয়েমেনের সাদা প্রদেশ ও মোখা শহরের বিদ্যুৎকেন্দ্র এবং হুদাইদাহ বন্দরে সৌদি হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। ইয়েমেনের স্থাপনায় আরও হামলা হলে সৌদি আরবের বন্দর ও জ্বালানি স্থাপনায় তাৎক্ষণিক পাল্টা আঘাত হানারও হুঁশিয়ারি দেন তিনি।

তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় জাজান অঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়লেও এতে কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক এসব পাল্টাপাল্টি হামলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সম্পর্কিত