নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সেনা জোনের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ৬ অক্টোবর সকাল সাড়ে ১১ ঘটিকায় ফেরোশাস ফোরটীন (১৪ বীর) বাঘাইহাট সেনাবাহিনী জোনের পরিচালনায় জোন সদর দপ্তরে এই সভার আয়োজন করা হয়।
সভায় বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ তারিকুল ইমরান পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, পাহাড়ি-বাঙালি প্রীতি ও আন্তঃবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জোন কমান্ডার বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। যেকোনো ধরনের অপতৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে নজরদারি আরও জোরদার করা হবে এবং আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশ সেনাবাহিনী সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, জোনের উপঅধিনায়ক মেজর সালমানসহ প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।











