ভান্ডারিয়ায় বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপার পুড়ে অঙ্গার
ভান্ডারিয়া সংবাদদাতা।। পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে সংঘটিত এ অগ্নিকাণ্ডে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম (২৫) নামে এক হেলপার দগ্ধ হয়ে মারা গেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সিয়ামের বাবার নাম কবির হোসেন। তার বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুড়ে যাওয়া বাসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এসে দাঁড়িয়ে থাকা ‘বাহক’ ও ‘লিসা’ নামের দুটি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বাসে আগুন দেওয়ার সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিল বলে স্থানীয় কয়েকজন দাবি করেছেন।
আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ দ্রুত আশপাশের বাসগুলোতে ঘুমিয়ে থাকা চালক ও সহকারীদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ‘বাহক’ নামের বাসটির ভেতরে সিয়াম আটকা পড়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, অগ্নিসংযোগের শিকার বরিশাল মালিক সমিতির ‘বাহক’ পরিবহনের মালিক ঝালকাঠির অমিত পাল। অন্যদিকে ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ পরিবহনের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান এবং ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে একই রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।











