ঢাকা | নভেম্বর ১৬, ২০২৬ - ১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশ

টাকা লুটে বাধা দেয়ায় চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা

রংপুর প্রতিনিধি।। রংপুরের তারাগঞ্জে টাকা লুটের উদ্দেশ্যে এক যাত্রীকে জিম্মি করার সময় বাধা দেয়ায় চলন্ত বাস থেকে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যা করা হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের জিগাতলা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)। সম্পর্কে শাকিব জিম্মি হওয়া যাত্রী আতিক ইসলামের ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারী সদর উপজেলার ছয়জন বাসিন্দা কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। যাত্রী আতিক ইসলামের কাছে নগদ তিন লাখ টাকা ছিল।

বাসটি তারাগঞ্জ অতিক্রম করার পর চালক ও সহযোগীরা অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে আতিকের গলায় গামছা পেঁচিয়ে তাঁকে জিম্মি করেন। এ সময় আতিককে বাঁচাতে তাঁর ভাতিজা শাকিব ও সহযাত্রী মুকুল এগিয়ে এলে বাসের হেলপার ও সুপারভাইজার তাঁদের লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে নিচে ফেলে দেন।

সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে বাসের ভেতর থেকে আতিকের চিৎকার শুনে পাশ দিয়ে যাওয়া একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি টের পান। তাঁরা ধাওয়া করে স্থানীয় লোকজনের সহায়তায় চিকলী এলাকা থেকে ঘাতক বাসটি আটক করেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ স্থানীয় জনতা কিছুক্ষণ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটির চালক ও সুপারভাইজারকে আটক করে থানা হেফাজতে নেয়।

সম্পর্কিত