ঢাকা | নভেম্বর ১৬, ২০২৬ - ১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশ

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি পোড়ানো মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

গোপালগঞ্জ প্রতিনিধি।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার (১৫ নভেম্বর) বিকেলে এই হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় এসআই মোসলেম আলীকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী জানান, আজ বিকেলে একদল দুর্বৃত্ত হঠাৎ এসআই মোসলেম আলীর মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দিনভর বিক্ষোভ ও সহিংসতা চালান। সেদিন সকাল থেকেই তাঁরা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন।

একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।
এই সহিংসতা ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ২২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দুই হাজার জনকে আসামি করা হয়েছে।

ওসি আয়ুব আলী জানিয়েছেন, পুলিশের এই কর্মকর্তার ওপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

সম্পর্কিত