ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ৬:২১ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত

রাজস্থলী প্রতিনিধি।।

 

রাঙামাটির রাজস্থলী উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করা এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে ৩৮ বীর রণজয়ী কাপ্তাই জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল কাদির শুভর নির্দেশনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী সাব-জোন অধিনায়ক মেজর হাফিজ আহম্মদ সৈকত।

 

সম্মেলনে রাজস্থলী সাব-জোনের জেসিও মিজানুর রহমান, ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উথিনসিন মারমাসহ বিভিন্ন মৌজার ৯ জন মেম্বার, ৮ জন হেডম্যান ও ৫০ জন কারবারী উপস্থিত ছিলেন। এ ছাড়া গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।

 

সম্মেলনে স্থানীয় হেডম্যান ও কারবারীরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন।

 

সভাপতির বক্তব্যে মেজর হাফিজ আহম্মদ সৈকত বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে নিজ নিজ পছন্দ অনুযায়ী যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হবে। সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং সব সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে।

 

তিনি আরও বলেন, সম্প্রতি রাজস্থলীর আমছড়া পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। দুর্যোগ মোকাবিলায় সহযোগিতার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

মাদকের বিস্তার রোধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

সম্মেলনে এলাকার শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কারবারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সম্পর্কিত