ঢাকা | নভেম্বর ১৯, ২০২৬ - ১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও পুলিশের গাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি।। মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত সড়কে শ্রমিকেরা অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মালিকপক্ষ অন্তত ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।

কারখানা ছুটির পর গাছা, বোর্ড বাজার, বড়বাড়ী ও তারগাছ এলাকায় হাজারো শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালে হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার আশিক সাঈদ ও অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ব্যস্ত এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, সকাল থেকে বোর্ড বাজার ও আশপাশের এলাকায় শ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচলে ধীরগতি রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

সম্পর্কিত