গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সোয়া ৯টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে হাজিরা শেষে বেরিয়ে আসেন। এরপর তারা বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
কয়েকদিন আগের শ্রমিক আন্দোলনে এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর মারা গেছেন—এমন একটি গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন।
জনদুর্ভোগ কমাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রমিকদের বুঝিয়ে সরানোর চেষ্টা ব্যর্থ হলে এবং তারা ইট-পাটকেল নিক্ষেপ করলে জানমালের নিরাপত্তায় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে বাধ্য হয়।











