ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলা, তিন মোটরসাইকেলে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের সন্ত্রাসবিরোধী মিছিলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকালে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে নানুপুর ইউনিয়ন যুবদল প্রায় ৩০টি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসবিরোধী মিছিল বের করে। মিছিলটি বিনাজুরী আমতলী ও কিপাইত নগর লম্বা টিলা বাজার প্রদক্ষিণ করে। পরে শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ।
হামলার শিকার নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের একদল কর্মী মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়।
এতে যুবদলের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পাশাপাশি তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিনি ও বখতিয়ারের নাম জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘটনার প্রতিবাদে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, ‘ঘটনার খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে। ’











