রায়পুরায় বাস থেকে ১৪০ রাউন্ড গুলিসহ নারী আটক
রায়পুরা সংবাদদাতা।। নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে ১৪০ রাউন্ড সিসার গুলিসহ স্বপ্না আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে উপজেলার মাহমুদাবাদ এলাকায় সিলেট থেকে ঢাকাগামী ‘এনা পরিবহনের’ একটি বাসে তল্লাশি চালিয়ে এই গুলি উদ্ধার করা হয়।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী ওই বাসের যাত্রী স্বপ্নার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার হেফাজত থেকে অবৈধ ১৪০ রাউন্ড সিসার গুলি উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী। তিনি এই গুলির চালান নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
মহাসড়কে বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গুলি উদ্ধারের এই ঘটনায় রায়পুরা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।











