বাউফলে নদী থেকে গলায় ইট ও হাত বাঁধা মরদেহ উদ্ধার
বাউফল সংবাদদাতা।। পটুয়াখালীর বাউফলে হাত বাঁধা এবং ইট বাঁধা বস্তাসহ আনুমানিক ৩০ থেকে ৩২ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বাউফল পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় জামে মসজিদ-সংলগ্ন নদীর ঘাট থেকে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। খবর পেয়ে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ি ও বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল পৌনে ৫টার দিকে লাশটি পানি থেকে উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নিহত যুবকের দুই হাত রশি দিয়ে শক্ত করে বাঁধা ছিল এবং নদীর পানিতে ডুবিয়ে লাশ গুম করার উদ্দেশ্যে শরীরের সঙ্গে ইট দিয়ে বাঁধা একটি বস্তা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। নিহতের পরনে একটি লুঙ্গি ও খয়েরি রঙের স্যান্ডো গেঞ্জি ছিল। মরদেহটি পুরোপুরি পচে অর্ধগলিত হয়ে পড়ায় মুখমণ্ডল দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না এবং খালের আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় মুসল্লিরা জানান, জুমার নামাজের আগে অজু করার সময় ঘাটে কিছু দেখা না গেলেও দুপুরের দিকে জোয়ার বা স্রোতের টানে লাশটি ঘাটের কাছে এসে আটকে থাকে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এবং কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, আনুমানিক চার থেকে পাঁচ দিন আগে ওই যুবককে অন্য কোথাও নৃশংসভাবে হত্যা করার পর লাশ গুমের উদ্দেশ্যে ইট বেঁধে খালে ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ লাশের পরিচয় নিশ্চিতে কাজ শুরু করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।











