ঢাকা | অক্টোবর ২৩, ২০২৬ - ১২:২৮ অপরাহ্ন

শিরোনাম

অর্থনীতি

আদা রসুন লেবুর দামে বড় লাফ, চাল-ময়দা কিনতেও নাভিশ্বাস ক্রেতাদের

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর কাঁচাবাজারে আদা, রসুন ও লেবুর দাম হঠাৎ এক লাফে অনেকটা বেড়ে গেছে। একই সঙ্গে আটা, ময়দা ও পোলাওয়ের চালের বাজারও চড়া রয়েছে। পর্যাপ্ত বাজার নজরদারি না থাকায় সিন্ডিকেট ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন বলে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর মিরপুর, কারওয়ান বাজার, শান্তিনগর ও নিউমার্কেট এলাকার বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই চিত্র পাওয়া গেছে।

বাজারের তথ্য অনুযায়ী, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে চীনা আদার দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। আগে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হওয়া আদা এখন ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি চীনা রসুনের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ টাকায়। দেশি রসুনের দামও কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে ১০০ টাকা থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া জাতভেদে হালিপ্রতি লেবুর দাম ১৫ থেকে ৩০ টাকা বেড়ে ৩০ থেকে ৫০ টাকায় ঠেকেছে। সাম্প্রতিক সময়ে দুর্গাপূজার লম্বা ছুটির কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কিছুটা কম থাকলেও খুচরা বাজারে এর ইতিবাচক কোনো প্রভাব দেখা যায়নি।

এদিকে চাল ও আটা-ময়দার বাজারেও চরম অস্বস্তি বিরাজ করছে। ১২০ টাকা কেজির পোলাওয়ের চাল এক লাফে মানভেদে ১৯০ থেকে ২২৩০ টাকা হওয়ায় ক্রেতারা হতবাক হয়েছেন। বাজারে মানভেদে নাজিরশাইল ও মিনিকেট চাল ৭০ থেকে ৯০ টাকা এবং পাইজাম ও ব্রি-২৮ চাল ৫৮ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

সরকারি প্রতিষ্ঠান টিসিবির হিসাবে, গত এক মাসে প্যাকেটজাত আটার দাম ৮ শতাংশ এবং প্যাকেটজাত ময়দার দাম ৬ শতাংশ বেড়েছে। বর্তমানে প্যাকেটজাত আটা ৬৫ থেকে ৭৫ টাকা এবং ময়দা ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে শীতের আগাম সবজি উঠতে শুরু করায় সবজির দামে সামান্য কমতির লক্ষণ দেখা গেছে। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে প্রায় ১০ টাকা পর্যন্ত কমেছে। বর্তমানে পটোল, ঢ্যাঁড়শ ও ধুন্দল ৫০ থেকে ৭০ টাকা এবং বেগুন ও কাঁকড়ল ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে শীতের আগাম সবজি শিম এখনো ১২০ থেকে ১৪০ টাকা কেজি এবং টমেটো ১৭০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমে ১৪৫ থেকে ১৫০ টাকায় নামলেও ব্রয়লার মুরগি (১৮০-১৮৫ টাকা) এবং গরুর মাংস (৮০০-৮সাড়ে ৮০০ টাকা) আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

সম্পর্কিত