কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, একজনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার ভেতরে থাকা একজন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
আজ সোমবার দুপুরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার ‘আমান প্লাস্টিক কারখানায়’ আগুন লাগার খবর পান তারা। সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়ায় আরও দুটি ইউনিট সেখানে যুক্ত হয়।
সব মিলিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।
কারখানাটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এই ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।











