ঢাকা | অক্টোবর ২৬, ২০২৬ - ৮:৪১ অপরাহ্ন

শিরোনাম

রাজনীতি

মাদ্রাসাকে কায়দা করে স্কুল বানানোর চেষ্টা চলছে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক।। মাদ্রাসাগুলোকে কৌশলে স্কুলে রূপান্তরের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব ২০২৬ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃতি হাফেজদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত বা পরিবর্তন করার জন্য একদল মানুষ নানা ধরনের সূক্ষ্ম ও চতুর চেষ্টা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার পাশাপাশি দেশের সাধারণ শিক্ষাব্যবস্থায়ও নৈতিক ও ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এটি করা সম্ভব হলে মেধাবী শিক্ষার্থীর পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে উঠবে।

জামায়াতের আমির অভিযোগ করে বলেন, সমাজের একটি বিশেষ অংশ শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষার অন্তর্ভুক্তি মোটেও পছন্দ করে না। কারণ নৈতিক শিক্ষার অভাব থাকলে সমাজে খুব সহজে চাঁদাবাজ ও সম্পদ লুণ্ঠনকারী তৈরি হওয়ার পথ সুগম হয়, যা ওই বিশেষ মহলের খুবই পছন্দ। মেধা ও নৈতিকতার যথাযথ সমন্বয় ঘটানো সম্ভব হলে তবেই একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলা যাবে বলে তিনি উল্লেখ করেন।

কোরআন উৎসবে আরও উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি তার বক্তব্যে দেশের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ টিকিয়ে রাখতে জাতীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি সততা ও মানবিকতাসম্পন্ন দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

সম্পর্কিত