প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধ ভান্তের সঙ্গে পিসিসিপির সৌজন্য সাক্ষাৎ
বান্দরবান প্রতিনিধি:
পবিত্র প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে লাঙ্গী পাড়া বীর বিক্রম বৌদ্ধ বিহারের শ্রদ্ধেয় ভান্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় ভান্তের হাতে উপহারসামগ্রী তুলে দেন তাঁরা।
সোমবার (২৬ অক্টোবর) পবিত্র প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের বহুজাতিক সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক তানভীর হোসেন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সৈকত এবং সিএইচটি সম্প্রীতি জোট, বান্দরবান জেলার আহ্বায়ক অং সিং থোয়াই মার্মাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।











