সাজেকে হামলা-ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ
মাটিরাঙ্গা প্রতিনিধি।।
রাঙামাটির সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে। সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে শনিবার (২৪ অক্টোবর) এ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাসসহ জেলার অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ। তবে শহর ও শহরতলির কিছু এলাকায় সীমিত পরিসরে হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে।
শনিবার ভোরে খাগড়াছড়ি জেলা সদরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় অবরোধের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেন পিকেটাররা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টায়ার সরিয়ে সড়কটি চলাচলের উপযোগী করেন। অবরোধ চলাকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলার অন্য কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান বলেন, অবরোধকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে টানা তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে। সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত সশস্ত্র সদস্যদের সরিয়ে দেওয়াসহ তিন দফা দাবিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আহ্বান জানায়। চলমান অবরোধের মধ্যে বৃহস্পতিবার সাজেকের উজোবাজার এলাকায় অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ ওঠে। এসব ঘটনার প্রতিবাদ এবং সাজেকবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে দুই জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নির্মল চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন। অবরোধের ফলে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি পরিবহন খাত ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।











