পানছড়িতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে বিজিবির ফুটবল বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় স্থানীয় শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ লোগাং বিজিবি ক্যাম্পে ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি ফুটবল হস্তান্তর করেন ক্যাম্প কমান্ডার।
বিজিবির এ উদ্যোগ স্থানীয় শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতেও এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল ও বনজসম্পদ রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দায়িত্বপূর্ণ এলাকায় কার্যক্রম অব্যাহত রেখেছে বিজিবি।











