বাউফলের উন্নয়ন হবে সবাইকে নিয়ে, সবার জন্য: ড. শফিকুল ইসলাম মাসুদ
বাউফল সংবাদদাতা।। পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাউফলের উন্নয়ন হবে সবাইকে নিয়ে এবং সবার জন্য।
আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাবিখা প্রকল্পের আওতায় মান্নান প্যাদা বাড়ির ২০০ ফুট ইটের সলিং সড়কের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফল পৌরসভা নামে হলেও এটি এখনো মানসম্মত হয়ে ওঠেনি। নির্বাচিত পৌর প্রতিনিধি না থাকায় উন্নয়নকাজ স্থবির হয়ে পড়েছে। তবে স্থানীয়দের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকেই তিনি পৌরসভার নাগরিকদের পাশে দাঁড়িয়েছেন।
পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে দীর্ঘ আলোচনার পর পাওয়া উন্নয়ন প্রস্তাবনাগুলো স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তুলে ধরা হবে। পর্যায়ক্রমে সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেবার মান বাড়ানো হবে।
উদ্বোধন হওয়া সড়কটি প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি হাঁটার অনুপযোগী ছিল। ইটের সলিং করায় এখন চলাচলের উপযোগী হয়েছে। স্থানীয়দের সুবিধার্থে তাঁর নিজস্ব বরাদ্দ থেকে বাজেট দিয়ে রাস্তাটি আরও বর্ধিত করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে বাউফল পৌর জামায়াতের সেক্রেটারি নুরুল আলম, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. জাফর ইকবাল, ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সোহাগ খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক কবির হোসেন মৃধা এবং ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











