ঢাকা | নভেম্বর ২৪, ২০২৬ - ৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশ

বগা সেতুর কৃতিত্ব পুরো বাউফলবাসীর: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।। বগা সেতুর কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয়, বরং এই সেতুর পুরো কৃতিত্ব বাউফলবাসীর বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বাউফলের বগা প্রান্তে সেতু নির্মাণকাজের প্রস্তুতি ও সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফল, দশমিনা ও গলাচিপাসহ দক্ষিণাঞ্চলের প্রায় ২২ লাখ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি বগা সেতুর অনানুষ্ঠানিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের পর চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানও অগ্রাধিকার ভিত্তিতে নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজ হাতে নিয়েছে।

আগামী ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি জানান, এ বিষয়ে জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রী প্রাথমিক সম্মতি দিয়েছেন। শিগগিরই উদ্বোধনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

সেতু নির্মাণের নেপথ্যের প্রসঙ্গ টেনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের সাবেক যোগাযোগ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে তিন দফা বৈঠকের পর তিনি দ্রুত সেতু বাস্তবায়নের নির্দেশনা দিয়েছিলেন। বিগত সরকারের সেই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ এগিয়ে নেওয়ায় তিনি সরকার ও চীন রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এই সেতু নির্মিত হলে দুমকি ও বাউফল উপজেলার মধ্যকার নদীকেন্দ্রিক দূরত্ব ঘুচে দুই এলাকার মানুষের মধ্যে দৃঢ় সেতুবন্ধন তৈরি হবে। পাশাপাশি জমি অধিগ্রহণ ও সয়েল টেস্টসহ সংশ্লিষ্ট কাজে নিয়োজিতদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং স্থানীয় নেতৃবৃন্দকে কাজ সার্বক্ষণিক তদারকির অনুরোধ করেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা মো. সেলিমুর রহমান, বাউফল পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল কাশেম, উপজেলা শূরা সদস্য মো. আতিকুর রহমান নজরুল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল হাসান, বগা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মুজাহিদুল ইসলাম এবং ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলাম।

সম্পর্কিত