ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

কফি-কাজুবাদাম চাষেই বদলে যেতে পারে পাহাড়ের অর্থনীতি: পার্বত্য মন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক।।

 

পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পর্যটনশিল্পের বিকাশ এবং কফি-কাজুবাদামসহ সম্ভাবনাময় কৃষিপণ্য চাষ সম্প্রসারণের মাধ্যমে পাহাড়ের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।

 

বুধবার (২৫ নভেম্বর) রাতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, পাহাড়ের মাটিকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে এখানে ব্যাপক অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে স্থানীয় কৃষকদের স্বাবলম্বী করার পাশাপাশি পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়া সম্ভব। এ জন্য কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় তামাক চাষে নিরুৎসাহিত করে কৃষকদের কফি, কাজুবাদাম, ইক্ষু, লটকন, রাম্বুটান ও বিভিন্ন মসলা জাতীয় ফসল চাষে উৎসাহিত করতে হবে। বান্দরবানের থানচি ও রুমায় কাজুবাদাম এবং চিম্বুক অঞ্চলে কফি চাষের সম্ভাবনা কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

 

প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিষয়ে মন্ত্রী বলেন, পাহাড়ের নদী, ঝিরি, ছড়া ও জলাধারের পানির উৎস সচল রাখতে পরিকল্পিত বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ জরুরি। পার্বত্য অঞ্চলের পানির ওপর পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি সমতলের বহু মানুষের জীবন-জীবিকাও নির্ভরশীল। তাই পানি ও বনসম্পদ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে।

 

কাপ্তাই লেকের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় স্থায়ী নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, লেকের আশপাশের বসতি, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন প্রকল্প গ্রহণ করতে হবে। বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে একটি সমন্বিত মাস্টারপ্ল্যানের মাধ্যমে পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনা কাজে লাগানো সম্ভব।

 

পর্যটন বিকাশে বারইয়ারহাট থেকে খাগড়াছড়ি, আলুটিলা, সাজেক, রাঙামাটি, কাপ্তাই লেক ও চন্দ্রঘোনা হয়ে বান্দরবানের বিভিন্ন পর্যটনকেন্দ্র এবং সেখান থেকে লামা-আলীকদম হয়ে কক্সবাজার পর্যন্ত সমন্বিত পর্যটন রুট গড়ে তোলার প্রস্তাব দেন মন্ত্রী। এ জন্য আন্তঃজেলা সড়ক যোগাযোগ ও পর্যটন অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

 

স্বাস্থ্যসেবার উন্নয়নে পার্বত্য অঞ্চলের ২৬টি উপজেলার জলভাগ ও স্থলভাগের জন্য ২৬টি নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন মন্ত্রী। পাশাপাশি শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে চলমান সরকারি প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। শিক্ষার্থীদের মেধা বিকাশে তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা পুনরায় চালুর বিষয়টিও বিবেচনার পরামর্শ দেন তিনি।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট নিরসন এবং উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে পরিষদের সদস্য ও কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

 

সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহমদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ মামুন এবং রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসাসহ পরিষদের সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় পার্বত্য অঞ্চলের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্পর্কিত