ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ৯:১৬ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাইয়ের চিৎমরম ঘাটে আধুনিক লিফট সিস্টেম চালুর প্রস্তাব, পরিদর্শনে পার্বত্য মন্ত্রী

 

 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি এমপি। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় তিনি ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীভাঙন ও বিদ্যমান অবকাঠামোর ক্ষতি এড়িয়ে আধুনিক লিফট সিস্টেমের মাধ্যমে ঘাট নির্মাণের প্রস্তাব তুলে ধরা হয়।

 

পরিদর্শনকালে মন্ত্রী ঘাটের বর্তমান অবস্থা, উন্নয়ন ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনা ছাড়া উন্নয়নকাজ করা হলে নদীর গতিপথ পরিবর্তন কিংবা স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। তাই নদী ও পরিবেশের ভারসাম্য বজায় রেখেই ঘাটের উন্নয়ন করতে হবে। ঘাটটি উন্নত হলে স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও পুণ্যার্থীদের যাতায়াত আরও সহজ হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, জেলা পরিষদ সদস্য উথায়োই মং মারমা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন এবং সংসদ সদস্যের প্রতিনিধি মংসুই প্রু মারমা। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে আর্কসেল বিডির ব্যবস্থাপনা পরিচালক স্থপতি কামনাশীষ বড়ুয়া ঘাটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী ও অতিথিদের অবহিত করেন। তিনি নদীভাঙন এবং বিদ্যমান অবকাঠামোর ক্ষতি এড়িয়ে আধুনিক একমুখী নান্দনিক লিফট সিস্টেমের মাধ্যমে ঘাট নির্মাণের প্রস্তাব তুলে ধরেন।

 

প্রস্তাবিত এ ব্যবস্থা বাস্তবায়িত হলে চিৎমরম বৌদ্ধ বিহারে আগত দর্শনার্থী ও পুণ্যার্থীসহ স্থানীয় বাসিন্দাদের নদী পারাপার আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে জোয়ার-ভাটার সময় যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে জানান সংশ্লিষ্টরা।

 

স্থানীয়দের প্রত্যাশা, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রেখে প্রস্তাবিত ঘাট নির্মাণ করা হলে দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে।

সম্পর্কিত