ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ৮:০৩ অপরাহ্ন

শিরোনাম

স্বাস্থ্য

মেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদনে লাগবে যে যোগ্যতা

ডেস্ক রিপোর্ট।।  দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জাতীয় নীতিমালা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এ নীতিমালা প্রকাশ করে, যেখানে ভর্তির আবেদনের যোগ্যতা ও শর্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, ভর্তির আবেদন করতে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মিলিয়ে ন্যূনতম জিপিএ ৮ দশমিক ৫০ থাকতে হবে। তবে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী আবেদনের সুযোগ পাবেন না।

নীতিমালায় বলা হয়েছে, আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় নিয়মিত উত্তীর্ণ হতে হবে। এইচএসসি পর্যায়ে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকা বাধ্যতামূলক। পাশাপাশি জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩ দশমিক ৫০ বা এ মাইনাস গ্রেড থাকতে হবে।

সাধারণ আসনে কেবল বাংলাদেশের নাগরিকরাই আবেদন করতে পারবেন। তবে বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনে বিদেশিরা আবেদনের সুযোগ পাবেন। বিদেশি আবেদনকারীদের ক্ষেত্রেও এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৫-এর স্কেলে মোট জিপিএ কমপক্ষে ৮ দশমিক ৫০ এবং জীববিজ্ঞানে ন্যূনতম জিপি ৩ দশমিক ৫০ থাকতে হবে।

এছাড়া যেসব দেশে এসএসসি ও এইচএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নেই, সেসব দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল বিবেচনায় নেওয়া হবে। দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ভর্তির ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য হবে বলে জানিয়েছে বিএমডিসি।

সম্পর্কিত