ঢাকা | অক্টোবর ২৭, ২০২৬ - ৯:৪৫ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:

 

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও নানা মানবিক কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরে আয়োজিত এ কর্মসূচিতে জেলা যুবদলের পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুর রহমান ওয়াসিম।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে অসচ্ছল ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়। এসব মানবিক উদ্যোগের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেন সংগঠনটির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে জেলা যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত