ঢাকা | অক্টোবর ১৯, ২০২৬ - ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে পানির ট্যাংক স্থাপন, উপকৃত হবেন ৪০০ মানুষ

খাগড়াছড়ি প্রতিনিধি।।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের পূর্ব মাগড়াছড়ি পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ উদ্যোগের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকার প্রায় ৪০০ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের উদ্যোগে মাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থাপিত পানির ট্যাংকটির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন দুল্যাতলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাথির মুস্তফা নাবিল। এ সময় ক্যাম্পের জেসিও ওয়ারেন্ট অফিসার আলমগীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল বিন্দু চাকমা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। পানির ট্যাংক স্থাপনের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ এলাকার বাসিন্দাদের দৈনন্দিন পানির চাহিদা পূরণে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলারও আয়োজন করা হয়।

স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করা এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এ উদ্যোগ দুর্গম এলাকার জনসাধারণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে জনকল্যাণমূলক কার্যক্রম, মানবিক সহায়তা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘সবার উপরে দেশ’ মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

সম্পর্কিত