প্রেসক্লাবের নামে মেট্রোরেল স্টেশন দাবির সঙ্গে একমত মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক।। জাতীয় প্রেসক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির সঙ্গে নীতিগতভাবে একমত পোষণ করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তবে এই দাবি বাস্তবায়নের আগে কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যারের পরিবর্তন এবং সংশ্লিষ্ট ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করতে হবে বলে তিনি জানিয়েছেন।
আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
শেখ রবিউল আলম জানান, মেট্রোরেলের নামকরণের বিষয়টি বাস্তবায়নের জন্য এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি মনে করেন, উন্নয়ন মানে শুধু আধুনিক অবকাঠামো নির্মাণ নয়, বরং একটি প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ভূমিকার স্মৃতি সংরক্ষণ করাও এর অংশ।
অনুষ্ঠানে সাংবাদিকদের সমাজের দর্পণ ও জাতির বিবেক হিসেবে আখ্যায়িত করেন মন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকরা অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করেন এবং সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সুস্থ, সবল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে খেলাধুলার ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী ম্যারাথনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ধৈর্য, লক্ষ্য স্থির রাখা ও ধারাবাহিক প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি, যা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনের প্রতিকূলতা মোকাবিলায় প্রয়োজন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।











