রোয়াংছড়িতে বান্দরবান সদর সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
বান্দরবান জেলা প্রতিনিধি:
দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে রোয়াংছড়ি হাইস্কুল মাঠে বান্দরবান সদর সেনা জোনের তত্ত্বাবধানে রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি।
ক্যাম্পে রোয়াংছড়ি ও পার্শ্ববর্তী এলাকার চক্ষু সমস্যায় ভুগছেন এমন সাধারণ মানুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেওয়া হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য এ উদ্যোগ চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে।
চিকিৎসাসেবা নিতে আসা উমেচিং মার্মা বলেন, “বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা করায় সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ। আমি চাই, প্রতি বছর এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হোক।”
প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ সেবা নিতে আসা রোগীদের উদ্দেশ্যে বলেন, “আজ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী সময়ে বিশেষজ্ঞ চিকিৎসক এনে আপনাদের চিকিৎসার ব্যবস্থা করব।”
স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।











