বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক অনুদান বিতরণ
বান্দরবান প্রতিনিধি।।
শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সুষ্ঠুভাবে উদ্যাপনে সহযোগিতার লক্ষ্যে বান্দরবানে বিভিন্ন মন্দির ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান জোন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় বান্দরবান জোনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে জোন অধিনায়কের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন রোয়াংছড়ি সাব-জোন কমান্ডার মেজর সৈয়দ রবিউল ইসলাম। এ সময় বান্দরবান সদর জোনের ক্যাপ্টেন নাতিক শেখ তাকি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
সেনাবাহিনী জানায়, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনে সহযোগিতা করার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনা জোরদার করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও জোরদার হবে।











