সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে: কর্নেল আব্দুল বাতেন
নিজস্ব প্রতিবেদক।। ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন। স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আজ রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানী ঢাকার পল্লবী-রূপনগর এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা, ধর্মীয় উৎসব উদযাপন এবং স্থানীয় নাগরিক অধিকারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন বলেন, বাংলাদেশ বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের পথে এগিয়ে যাচ্ছে। এই রাষ্ট্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে স্থানীয় প্রশাসন ও জনগণকে সাথে নিয়ে তার দল সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তারা বিগত দিনগুলোতে পাশে থাকার জন্য স্থানীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এসময় এমপি বাতেন স্থানীয় মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় পূজা উদযাপন কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











