ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২
মু. আজিজ, ফটিকছড়ি প্রতিনিধি।।
চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটি চা বাগানের ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে কুপিয়ে আহত করে প্রায় সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে চা বাগানে ফেরার পথে বাগানের প্রবেশগেটের কিছুটা আগে একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন ধাওয়া করে দুজনকে আটক করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাংক থেকে টাকা উত্তোলন করে চা বাগানে ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে জিম্মি করে। একপর্যায়ে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে দুজনকে আটক করেন। তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রকাশ্য দিবালোকে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলন করে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও নতুন করে সামনে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত, ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার সময় মসজিদের পাশে চা বাগানের ম্যানেজারের ওপর হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ না পেলেও ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।











