ঢাকা | নভেম্বর ৩০, ২০২৬ - ২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশ

মাদারীপুরে মহাসড়ক অবরোধ, বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

বরিশাল ও মাদারীপুর প্রতিনিধি।। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে অবরোধের কারণে বরিশাল থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার (২৯ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

 

সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে টেকেরহাট বন্দরে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছ ফেলে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে অসংখ্য পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

 

এদিকে অবরোধের খবরে সকালে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কয়েকটি দূরপাল্লার বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও পথে বাধার মুখে সেগুলো ফিরিয়ে আনা হয়। এরপর থেকে টার্মিনাল থেকে আর কোনো দূরপাল্লার বাস ছাড়েনি।

 

বরিশাল বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জানান, যাত্রী ও পরিবহনের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বাসগুলো ফিরিয়ে আনা হয়েছে। তবে বরিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

 

স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়ক থেকে অবরোধ ও প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় দূরপাল্লার বাস চলাচল শুরু হবে।

সম্পর্কিত