ঢাকা | নভেম্বর ৩০, ২০২৬ - ২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক।। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য সংগ্রামে বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ তার নীতিগত অবস্থানে অটল রয়েছে। ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ নিশ্চিত করা এবং দীর্ঘদিনের দখলদারত্বের অবসানেরও আহ্বান জানান তিনি।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকায় এ দিবসের গুরুত্ব আরও বেড়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান।

তিনি বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা, ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং জরুরি পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী দখলদার শক্তির দায়িত্বের বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি স্পষ্ট করেন যে, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক জনগণকে অনাহারে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

গাজায় জাতিসংঘের অনুমোদিত আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই মিশনের দায়িত্বের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করা এবং দ্রুত পুনর্গঠন কার্যক্রমে সহায়তা অন্তর্ভুক্ত থাকা উচিত। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার প্রস্তাব গৃহীত হওয়াকেও স্বাগত জানান তিনি।

এদিকে দিবসটি উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে জেরুজালেমকে রাজধানী করে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি জাতিসংঘের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গাজায় ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা এমএসএফ-এর দুই কর্মী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ফিলিস্তিনিদের নিজস্ব স্বাধীন ভূখণ্ডে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে বসবাস নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ও জাতিসংঘের শীর্ষ নেতারা।

সম্পর্কিত