ঢাকা | নভেম্বর ৩০, ২০২৬ - ২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

শিক্ষা

গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষাকেন্দ্র মাদারীপুর ও ফরিদপুরে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক।। গোপালগঞ্জ জেলার এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার পাঁচটি কেন্দ্র পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। জেলায় পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় সারাদেশের প্রায় ২ লাখ ৯০ হাজার অকৃতকার্য শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চারটি নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে নেওয়া হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

সংশোধিত তালিকা অনুযায়ী, গোপালগঞ্জ সদর ও গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে অনুষ্ঠিত হবে। কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে।

এছাড়া কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্রের পরীক্ষা মাদারীপুরের সরকারি রাজৈর কলেজে এবং টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ ও মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা রাজৈরের শহীদ সরদার শাহজাহান উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত