রাজস্থলী ও ফারুয়া থানা পরিদর্শন করলেন রাঙ্গামাটির পুলিশ সুপার
রাজস্থলী প্রতিনিধি:
রাঙ্গামাটির রাজস্থলী থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব, পিপিএম। শনিবার (২৮ নভেম্বর) তিনি রাজস্থলী থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্ত, অপরাধ দমন এবং সাধারণ মানুষকে পুলিশি সেবা প্রদানের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। এ সময় তিনি থানার অফিসার ইনচার্জসহ কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে পুলিশি সেবা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেন, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
পরে পুলিশ সুপার বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে অবস্থিত ফারুয়া থানা পরিদর্শন করেন। সেখানে তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, নিরু কার্বারী, যতিন মেম্বার, হেডম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।











