ঢাকা | নভেম্বর ২৯, ২০২৬ - ৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

আলোচনার মাধ্যমে তিন সপ্তাহ পর চালু হলো কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের সাপ্তাহিক হাট

 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

 

দীর্ঘ তিন সপ্তাহ বন্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আবারও চালু হয়েছে রাঙামাটির কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট। শনিবার (২৮ নভেম্বর) ভোর থেকে হাটের কার্যক্রম শুরু হওয়ায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

 

বিলাইছড়ি, বরকল, হরিণছড়া, রাঙামাটি সদর ও কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি এলাকা থেকে পাহাড়ি-বাঙালি ব্যবসায়ীরা নৌপথে পণ্য নিয়ে হাটে আসেন। অন্যদিকে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়াসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও ব্যবসায়ীরা সড়কপথে পণ্য নিয়ে উপস্থিত হন। ভোর থেকেই হাটে ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি দেখা যায়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে কাপ্তাইয়ের ঠিকাদার ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিলাইছড়ি, রাঙামাটি সদর ও হরিণছড়াসহ আশপাশের পাহাড়ি এলাকার লোকজনকে হাটে আসতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে টানা তিন সপ্তাহের বেশি সময় হাটের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে। ফলে পাহাড়ি ও বাঙালি ব্যবসায়ীদের কোটি টাকার বেচাকেনা ব্যাহত হয়।

 

পরবর্তীতে সংশ্লিষ্ট সংগঠন, প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান হলে শনিবার থেকে পুনরায় হাটের কার্যক্রম শুরু হয়।

 

রাঙ্গুনিয়া থেকে শাকসবজি নিয়ে আসা ব্যবসায়ী শুক্কর ও ইমাম হোসেন বলেন, দীর্ঘদিন পর হাট চালু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় এখন সবাই আগের মতো বেচাকেনা করতে পারছেন।

 

বিলাইছড়ি থেকে আসা উচাচিং মারমা ও হরিণছড়া থেকে আসা সুজন চাকমা বলেন, দীর্ঘদিন পর হাট চালু হওয়ায় তাঁরা আনন্দিত। এর ফলে প্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ আবারও ফিরে পেয়েছেন।

 

কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, সংশ্লিষ্ট পাহাড়ি সংগঠন, প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সাপ্তাহিক হাট পুনরায় চালুর উদ্যোগ সফল হয়েছে। এতে ব্যবসায়ীসহ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং হাটে আবারও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

 

সম্পর্কিত