ঈদগাঁওয়ে অবৈধ করাতকলের দুটি মেশিন জব্দ, বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁওয়ে অবৈধ করাতকল পরিচালনা ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ করাতকলের দুটি মেশিন ও প্রায় দুই লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার কালিরছড়া বাজার ও আশপাশের এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া করাতকল পরিচালনার দায়ে মো. শাহ আলমকে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় করাতকলের দুটি মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনারের জিম্মায় রাখা হয়।
অন্যদিকে, কালিরছড়া ভুতিয়ার পাড়া কানচিরা ঘোনা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কাইয়ুম উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় দুই লাখ ঘনফুট বালু জব্দ করে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।
এ ছাড়া অভিযান চলাকালে কালিরছড়া বাজার এলাকায় সন্দেহজনকভাবে আটক ২৫টি মহিষের মালিকেরা বৈধ কাগজপত্র উপস্থাপন করলে যাচাই-বাছাই শেষে মহিষগুলো তাঁদের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে ঈদগাঁও থানা-পুলিশ, আনসার সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রামপুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ করাতকল পরিচালনা এবং বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











