চকবাজারে সাততলা ভবনের মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের ওই বহুতল ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সর্বশেষ আপডেটে জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার ফাইটারদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ভেতরে প্লাস্টিক বা দাহ্য জাতীয় মালামাল থাকার কারণে এবং প্রচণ্ড ধোঁয়া তৈরি হওয়ায় আগুন নেভানোর কাজে ফায়ার ফাইটারদের বেশ বেগ পেতে হচ্ছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা চারপাশ থেকে আগুন ছড়ানো বন্ধ করতে ও তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা ভেতরে কেউ আটকে পড়ে হতাহত হয়েছেন কিনা—সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনও সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে।











