সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ে চিকিৎসাসেবা দিচ্ছে ৫৭ বিজিবি
বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী সীমান্ত এলাকায় শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে।
ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত ১০০ জনের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ এ চিকিৎসাসেবা প্রদান করেন।
বিজিবি জানায়, দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের ও হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে দায়িত্বপূর্ণ অন্যান্য সীমান্ত এলাকাতেও এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি জোরদারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫৭ বিজিবি।











