রাজস্থলীতে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, সেলসম্যান নিহত; চালক আহত
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় খোকন দে (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক আমজাদ হোসেন (৬০) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাঙামাটি-বান্দরবান সড়কের চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন দে আবুল খায়ের কোম্পানির পণ্যবাহী পিকআপ ভ্যানের সেলসম্যান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল খায়ের কোম্পানির দুগ্ধজাত পণ্যবাহী পিকআপ ভ্যানটি রাঙামাটি-বান্দরবান সড়ক দিয়ে বাঙ্গালহালিয়ার দিকে যাচ্ছিল। পথে বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেন। এতে চালক ও সেলসম্যান গুরুতর আহত হন। দুর্ঘটনায় পিকআপ ভ্যানটির সামনের অংশসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খোকন দেকে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত চালক আমজাদ হোসেনের চিকিৎসা চলছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও আহত দুজনের বাড়ি চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার শিলক এলাকায়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।











