ঢাকা | অক্টোবর ১২, ২০২৬ - ৭:৫১ অপরাহ্ন

শিরোনাম

সারাদেশ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রুপা!

কিশোরগঞ্জ প্রতিনিধি।। দীর্ঘ সাড়ে ৬ বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া মূল্যবান স্বর্ণ ও রৌপ্যালঙ্কারের পরিমাপ শেষ হয়েছে। অভিনব এই কার্যক্রমে এবার রেকর্ড ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ (১২ কেজি ১৭৪ গ্রাম) এবং ১ হাজার ৮৮ ভরি রুপা (১২ কেজি ৬৯০ গ্রাম) পাওয়া গেছে। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ৫টার দিকে মূল্যবান অলঙ্কারের ওজন ও পরিমাণ নির্ধারণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

এর আগে সকাল পৌনে ১০টা থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মূল্যবান সামগ্রীগুলোর ওজন নির্ধারণ, স্বর্ণের ক্যারেট যাচাই এবং বৈদেশিক মুদ্রা গণনার কাজ শুরু হয়।

 

২০২০ সালের ১১ মার্চের পর থেকে দীর্ঘ সাড়ে ৬ বছরে প্রায় ১৮ বার নগদ টাকা গণনা করা হলেও স্বর্ণ ও রুপা আলাদা করে গোনা হয়নি। জেলা প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষিত ৯টি কনটেইনার ও ৬টি খাম খুলে ৯ সদস্যের উপকমিটির তত্ত্বাবধানে এই পরিমাপ সম্পন্ন হয়। রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিছী জানান, বৈদেশিক মুদ্রা গণনায় রাত ৮টা পর্যন্ত সময় লাগতে পারে। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, পরিমাপকৃত সোনা-রুপা উন্মুক্ত নিলামে বিক্রি হবে এবং বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হারে নগদায়ন করা হবে।

এর আগে ২০২০ সালের নিলামে ৪২০ ভরি সোনা ও ১৮৮ ভরি রুপা ১ কোটি ১৫ লাখ টাকায় বিক্রি হয়েছিল। বর্তমানে মসজিদের মূল ব্যাংক তহবিলে ১৩১ কোটি ৮৫ লাখ টাকা এবং অনলাইনে ৩৯ লাখ টাকার বেশি জমা রয়েছে। এই অর্থ দিয়ে আন্তর্জাতিক মানের মসজিদ কমপ্লেক্স ও বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে।

সম্পর্কিত