মোংলায় ১২০ কেজি গাঁজাসহ তিনজন আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী পরিবহনের ইঞ্জিনের চেসিসের ভেতর লুকিয়ে পাচারের সময় ১২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-০৬। গত রাতে মোংলার ব্রাহ্মণমেঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের সবার বাড়ি রংপুর সদর এলাকায়।
এসআরবি-০৬ খুলনার উপপরিচালক (স্কোয়াড কমান্ডার ও মিডিয়া অফিসার) সৈয়দ ফজলুর রহমান জানান, ঢাকার কাঁচপুর থেকে গাঁজার একটি বড় চালান নিয়ে যাত্রীবাহী একটি পরিবহন মোড়েলগঞ্জ হয়ে মোংলার দিকে আসছে—এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট নজরদারি শুরু করে এসআরবি।
পরে রাত আনুমানিক ১টার দিকে পরিবহনটি মোংলার ব্রাহ্মণমেঠ এলাকায় পৌঁছালে সেটির গতি রোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় পরিবহনের চালক, হেলপার ও চক্রের অপর এক সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ির পেছনের দিকের চেসিসে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ছয়টি কার্টন থেকে মোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিবহনের চালক পারভেজ, হেলপার নুর আমিন এবং পাচারকারী চক্রের সদস্য আমিনুর রহমানকে আটক করা হয়েছে।
এসআরবি-০৬ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে তারা ইতিপূর্বেও এই পরিবহনে করে বিভিন্ন স্থানে গাঁজা পাচার করেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মোংলা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।











