ঢাকা | নভেম্বর ২১, ২০২৬ - ২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

জাতীয়

গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি

গোপালগঞ্জ প্রতিনিধি।। সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং তিনটি বাহিনীর মহাপরিচালক।

শুক্রবার বেলা ১১টার দিকে শীর্ষ এই কর্মকর্তারা গোপালগঞ্জে পৌঁছান। আইজিপির সঙ্গে সফরে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, সফরকালে শীর্ষ কর্মকর্তারা জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও অগ্নিসংযোগের শিকার থানা ও স্থাপনাগুলো পরিদর্শন করছেন। এছাড়া জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ কল্যাণ সভায়ও তাঁদের অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিনভর তাণ্ডবে পুলিশের গাড়িতে হামলা, টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক শাখা এবং বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বাড়ি ও কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গত ১৮ নভেম্বর থেকেই জেলাজুড়ে ২১ প্লাটুন বিজিবি ও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে জেলার ডিসি, এসপি ও তিনটি থানার ওসিদের বদলি করা হয়েছে।

 

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও টহলের ফলে বৃহস্পতিবার রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত হতে শুরু করেছে। রাত থেকে জেলার কোথাও নতুন করে কোনো সহিংসতা, মিছিল বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি।

 

শুক্রবার সকাল থেকেই জেলায় বৃষ্টি হওয়ায় জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা গেছে। শহরের সড়কগুলোতে রিকশা ও ইজিবাইক চলাচল করলেও দূরপাল্লার বা ভারী যানবাহন চলতে দেখা যায়নি। ওষুধ ও খাবারের দোকান ছাড়া শহরের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না।

সম্পর্কিত