কাদের মোল্লার সংক্ষিপ্ত রায়ে ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক।। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ওই রায়কে বিচারিক অবিচার বা ‘মিসক্যারেজ অব জাস্টিস’ উল্লেখ করে তিনি বলেছেন, বিচারপতির আসনে বসে এমন রায় দেওয়া লজ্জার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিকালে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন। শুনানিতে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সে প্রশ্নও তোলেন আপিল বিভাগের বিচারপতিরা।
আপিল শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা জানান, ১৯৭১ সালে অপরাধ সংঘটনের সময় আমিনুজ্জামান ফারুকের বয়স ছিল মাত্র ১৩ বছর। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অপরাধের অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আইনগত যৌক্তিকতা নিয়ে এ সময় বিস্ময় ও প্রশ্ন প্রকাশ করেন সর্বোচ্চ আদালত।
মামলার নথি সূত্রে জানা যায়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেরপুরের নকলা উপজেলার চার ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালের ২৬ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল।
পরবর্তীতে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি নকলা উপজেলার তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং একেএম আকরাম হোসেন।
ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত তিনজনই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেন। বর্তমানে তারা তিনজনই কারাগারে রয়েছেন।











