ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম

শিক্ষা

অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল দিল রামপাল বিদ্যুৎ কেন্দ্র

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের সুবিধা, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং লেখাপড়ায় উৎসাহ বাড়াতে মোংলা-রামপালের অসচ্ছল ও মেধাবী ১৩১ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়। আকর্ষনীয় এ উপহার পেয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি হেড মোহাম্মদ আলাউদ্দিন। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসী এবং বিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম মো. ওজিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “বাংলাদেশের ৫৪টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র শুরু থেকেই অনন্য ভূমিকা পালন করে আসছে, যা আমাদের প্রাতিষ্ঠানিক নীতির একটি বড় অংশ। স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে আমরা সবসময় পাশে আছি।”
তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করতে ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, বিনামূল্যে নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান, দুস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, শীতবস্ত্র হিসেবে কম্বল, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম প্রতিনিয়ত পরিচালনা করছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। দেশের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলোও যদি নিজ নিজ এলাকার সাধারণ মানুষের কল্যাণে এভাবে এগিয়ে আসে, তবে প্রান্তিক অঞ্চলের মানুষ আরও বেশি উপকৃত হবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত