ঢাকা | অক্টোবর ৭, ২০২৬ - ৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম

অর্থনীতি

ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

নওগাঁ প্রতিনিধি।। নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে রড দিয়ে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী আঞ্চলিক সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের হামলায় আহত দুই কর্মকর্তা হলেন—আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার দুপুরের আগে ওই দুই কর্মকর্তা সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। এরপর শাখার নিজস্ব আরও ৪ লাখ টাকাসহ মোট ৩৪ লাখ টাকা একটি ব্যাগে নিয়ে মোটরসাইকেলে আবাদপুকুরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে পারইল টাওয়ার এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার হেলমেটধারী ব্যক্তি তাদের পথরোধ করে। একপর্যায়ে লোহার রড দিয়ে পিটিয়ে দুই কর্মকর্তাকে গুরুতর আহত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত, গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

সম্পর্কিত