ঢাকা | অক্টোবর ১২, ২০২৬ - ৮:১৮ অপরাহ্ন

শিরোনাম

শিক্ষা

চুয়েটে নতুন ভিসি অবরুদ্ধ, বিদ্যুৎ বিচ্ছিন্ন: ছাত্রের ওপর হামলা, শিক্ষকদের বিক্ষোভ

চুয়েট প্রতিনিধি।। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেও শিক্ষার্থীদের তীব্র তোপের মুখে অবরুদ্ধ হয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিনি প্রশাসনিক ভবন ত্যাগ না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। একই দিনে ক্যাম্পাসে আসার পথে মদুনাঘাট এলাকায় চুয়েটের এক শিক্ষার্থীর ওপর স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন শিক্ষকেরা এবং সাবেক শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন ডেকেছেন।

সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে অনলাইনে যোগদানের ১৮ দিন পর প্রথমবারের মতো ক্যাম্পাসে এসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

নতুন উপাচার্য ক্যাম্পাসে আসার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই প্রশাসনিক ভবন-২-এর সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। তারা নতুন উপাচার্যকে দুপুর ১২টার মধ্যে ভবন ত্যাগ করার আল্টিমেটাম দেন। তবে নির্ধারিত সময় পার হওয়ার পরও তিনি বের না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং মূল ফটকে তালা লাগিয়ে তাকে অবরুদ্ধ করেন।

আন্দোলনকারী যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম মোর্শেদ রাতুল ও মাহতাব চৌধুরী জানান, সাধারণ শিক্ষার্থীদের আবেগ ও সর্বস্তরের দাবিকে উপেক্ষা করে রাজনৈতিক ক্যাডার বাহিনী নিয়ে ভিসি ভবনের তালা ভেঙে প্রবেশ করা হয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দেন, সাবেক ভিসি সায়েম স্যারকে পুনর্বহাল না করা পর্যন্ত প্রশাসনিক ভবন এভাবেই তালাবদ্ধ থাকবে।

এদিকে দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় চুয়েটগামী একটি বাস অবরুদ্ধ করে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিরুল কুদ্দুসকে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

ভুক্তভোগী শিক্ষার্থী আমিরুল কুদ্দুস জানান, আন্দোলনে যোগ দিতে তিনি বহদ্দারহাট থেকে চুয়েটের বাসে উঠেছিলেন। মদুনাঘাটে বাস থামানো হলে তিনি পরিস্থিতি দেখতে নিচে নামেন এবং ফোন করার জন্য মোবাইল বের করতেই একদল লোক তাকে ঘিরে ধরে। তাকে ‘ছাত্রলীগ-শিবির’ ট্যাগ দিয়ে জামাকাপড় ও চুল ধরে মারধর করা হয় এবং তুলে নেওয়ার চেষ্টা করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি রক্ষা পান।

শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন চুয়েটের শিক্ষক সমিতির সদস্যরা। এর প্রতিবাদে বিকেল সাড়ে ৩টায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী—তিন সমিতির যৌথ উদ্যোগে চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তন থেকে শহীদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত একটি মৌন মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশে চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির শিক্ষার্থীদের ওপর এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অন্যদিকে, শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে এদিন বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করেন চুয়েটের সাবেক শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে অপসারণ করে তার স্থলে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেয় সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন চুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সম্পর্কিত