সাংবাদিকদের ওপর হামলা: রাবি ছাত্রদলের তিন নেতার ছাত্রত্ব বাতিলের সুপারিশ
রাবি প্রতিবেদক।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতার ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ ছাড়া আরও চারজনের বিরুদ্ধে অধিকতর তদন্ত করে ব্যবস্থা গ্রহণ এবং তিনজনকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপাচার্যের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
সাময়িকভাবে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পাওয়া তিন ছাত্রদল নেতা হলেন—রাবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং ছাত্রদলকর্মী বিশাল চক্রবর্তী।
উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম জানান, গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং দোষীদের শাস্তির সুপারিশ করতে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তৈরি করা লিখিত প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পৌঁছায়।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, রাকসুর সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং ছাত্রদলকর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও প্রমাণাদি অধিকতর তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, ঘটনার সাথে আংশিক সম্পৃক্ততা বা দায়িত্বে অবহেলার কারণে শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরীফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে কঠোরভাবে সতর্ক করার সুপারিশ করেছে কমিটি।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং উপাচার্য কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
সূত্র- জাগো নিউজ











