গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন: সোয়া তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে, ধোঁয়ায় অসুস্থ ৭০ শ্রমিক উদ্ধার
গাজীপুর প্রতিনিধি।। গাজীপুর মহানগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় সোয়া তিন ঘণ্টার যৌথ প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় কারখানার ভেতরে আটকে পড়ে বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া কমপক্ষে ৭০ জন শ্রমিককে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরীর ডেগেরচালা এলাকার ওই আটতলা কারখানা ভবনটির তৃতীয় তলায় হঠাৎ করেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে পুরো ভবনে বিষাক্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে ভেতরে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন এবং আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। তারা ভবনের বিভিন্ন তলা ও ছাদ থেকে আটকে পড়া শ্রমিকদের মই ও বিশেষ উপায়ে নামিয়ে আনতে শুরু করে। ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যায় অসুস্থ হয়ে পড়া ৭০ জন শ্রমিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন এবং গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, দুপুর ২টা ৪৫ মিনিটে আগুনের খবর পাওয়ার পরপরই প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। তবে কাপড়ের কারণে আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকায় পরবর্তীতে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ১টি, গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি এবং রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ২টসহ মোট ৯টি ইউনিট নেভানোর কাজে যোগ দেয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঘটনাস্থলের আশেপাশে পুকুর বা পানির কোনো পর্যাপ্ত উৎস ছিল না। এছাড়া কারখানাটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা কার্যকর না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের চরম বেগ পেতে হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের উৎস অনুসন্ধানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে জানানো হয়েছে।











