ঢাকা | অক্টোবর ৩, ২০২৬ - ৭:৪৩ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতামূলক র‍্যালি

কর্ণফুলী (চট্টগ্রাম):

“নিজের আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এবং “প্রতিদিন জমা পানি দূর করি”—এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে চরপাথরঘাটা ইউনিয়নের সৈন্যারটেক রাস্তার মাথা থেকে র‍্যালিটি শুরু হয়ে ব্রিজঘাট এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, সিপিপি ও স্কাউট সদস্যরা অংশ নেন।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফার সঞ্চালনায় র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ কর্মসূচি চলবে। অন্যান্য বছরের মতো এ বছরও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত টেস্ট কিট ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। রোগীদের চিকিৎসাসেবা সহজতর করতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিশেষ ‘ডেঙ্গু কর্নার’ চালু করা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, শুধু চিকিৎসাসেবার ওপর নির্ভর করে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয়। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মোহাম্মদ কামরুজ্জামান, স্টাফ অফিসার টু ডিসি মোহাম্মদ আসিফ জাহান সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈন উদ্দিন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ, শিকলবাহা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. ফায়সাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সচিব জিএম জসিম উদ্দিন, বিএনপি নেতা মির্জা ইসমাইল, চরপাথরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শেখ আহমেদ, সদস্য সচিব সেলিম খান, বিএনপি নেতা আলাউদ্দিন শিমুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য, সিপিপি ও স্কাউট সদস্যরা।

র‍্যালি শেষে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, মশক নিধন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

সম্পর্কিত