রাজবিলায় উদাল বনিয়া বৌদ্ধ বিহারে ৫৯তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
রাজস্থলী প্রতিনিধি।।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব। দান, শীল, সংযম, মৈত্রী ও করুণার মহান আদর্শকে ধারণ করে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের উদাল বনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে ৫৯তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৬।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুই দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের মূল পর্ব অনুষ্ঠিত হয়। উৎসবকে কেন্দ্র করে বিহার প্রাঙ্গণে সৃষ্টি হয় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ। এতে দূরদূরান্ত থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্ত-উপাসক, দায়ক-দায়িকাদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো বিহার এলাকা।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত হয় পবিত্র হাজার বাতি প্রজ্বালন অনুষ্ঠান। হাজারো প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ। ধর্মীয় প্রার্থনা ও পুণ্যকর্মের মধ্য দিয়ে এতে অংশ নেন ভক্ত-উপাসকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৯ নম্বর রাবার বাগান বৌদ্ধ বিহারের অধ্যক্ষ নাগাবংশ ভিক্ষু। এতে সভাপতিত্ব করেন উদাল বনিয়া বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রমের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা ভদন্ত উঃ পাইন্দা ওয়াইসা মহাথের। এ সময় উপস্থিত ছিলেন উদয়ন উন্দারা মহাথের (বাঙ্গাল হালিয়া), উইমালা মহাথেরসহ রাজবিলা এলাকার শতাধিক ভিক্ষুসংঘের সদস্য।
বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্যে কঠিন চীবর দান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পুণ্যময় আয়োজন। বর্ষাবাস শেষে ভিক্ষুসংঘকে চীবর দানের মধ্য দিয়ে উপাসক-উপাসিকারা দানশীলতা, ত্যাগ ও ধর্মীয় শ্রদ্ধার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
কঠিন চীবর দানের মূল শিক্ষা হলো দানশীলতা, সংযম, পারস্পরিক শ্রদ্ধা, মৈত্রী ও করুণার চর্চা। এ আয়োজন মানুষকে লোভ, হিংসা, বিদ্বেষ ও অহংকার পরিহার করে শান্তি, সত্য ও মানবকল্যাণের পথে চলার অনুপ্রেরণা জোগায়।
ধর্মীয় এ আয়োজন শুধু চীবর দানের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনার গুরুত্বপূর্ণ অংশ। প্রজন্ম থেকে প্রজন্মে ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্য ধরে রাখতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
হাজারো প্রদীপের আলো, ভিক্ষুসংঘের উপস্থিতি এবং ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদাল বনিয়া বৌদ্ধ বিহারে পরিণত হয় এক পবিত্র মিলনমেলায়। আয়োজকদের প্রত্যাশা, এ ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে মানুষের অন্তরে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে, সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর হবে এবং মৈত্রী, করুণা, মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।











